
পঞ্চগড় প্রতিনিধি ।। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ ফরহাদ-এর ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বোদা উপজেলার বলরামহাটে অবস্থিত কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতালে স্বাধীনতার ৫০ বছর পুর্তিতে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলা মুক্তিযোদ্ধার সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার, সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও রংপুর জেলা কমিটির সভাপতি কমরেড শাহাদত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, নীলফামারী কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আতিয়ার রহমান, ন্যাপ-ছাত্রইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলা সদস্য বীরমুক্তিযোদ্ধা ওয়ালিউল ইসলাম মন্টু, কাজী মাহাবুবুর রহমান, আব্দুল আজিদ, এম এ হান্নান প্রমুখ। আলোচনা শেষে পঞ্চগড় জেলার ন্যাপ-ছাত্রইউনিয়ন-কমিউনিস্ট পার্টির ৫০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।