নীলফামারী প্রতিনিধি ।। শেখ রাসেলের জন্মদিনে নীলফামারীর ৩৪ শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সোমবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এই ল্যাপটপ তাদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব হিসেবে জেলার কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী স্কুল এন্ড কলেজ, নীলফামারীর রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন ও ডিমলা ইসলামিয়া কলেজকে পুরস্কৃত করা হয়।
এছাড়া শিক্ষার্থীদের পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রতিযোগিতায় নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শাফাত আহির সৌম্য, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের ফাতেমা জাহান এবং কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সিমামুল ইসলাম শাওনকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ দেয়া হয়।