সিসি নিউজ ডেস্ক ।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা ছয় যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, নজরুল ইসলাম (৬৫), আশরাফ (৭০), সোহাগ (১৯), সুজন (৩৮)। এরা সকলেই গোবিন্দগঞ্জের স্থানীয়। বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। নিহত সবাই অটোরিকশার যাত্রী।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।