• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |

১৬ উপজেলার ব্যাংকাররা আলাদা ভাতা পাবেন

সিসি নিউজ ডেস্ক ।। হাওর, দ্বীপ ও চর উপজেলায় কর্মরত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এখন থেকে আলাদা ভাতা পাবেন। গ্রেডভেদে প্রতি মাসে এই ভাতার পরিমাণ হবে সর্বনিম্ন ১ হাজার ৬৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ঘোষিত হাওর, দ্বীপ ও চর উপজেলায় অবস্থিত রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের স্থায়ী কর্মকর্তা/কর্মচারীদের ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রজ্ঞাপনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাস থেকেই এই ভাতা কার্যকর হবে।

জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী, ৭ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তার ভাতার পরিমাণ হবে পাঁচ হাজার টাকা। ৮ম গ্রেডের কর্মকর্তারা পাবেন ৪ হাজার ৬০০ টাকা, ৯ম গ্রেডের কর্মকর্তারা পাবেন ৪ হাজার ৪০০ টাকা। ২০তম গ্রেডের কর্মকর্তারা পাবেন মাসিক ১ হাজার ৬৫০ টাকা ভাতা।

এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করে পার্বত্য এলাকাবহির্ভূত ১৬ উপজেলাকে হাওর, দ্বীপ ও চর উপজেলা হিসেবে ঘোষণা করে গেজেট জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সেই প্রজ্ঞাপন অনুযায়ী- ১৬ উপজেলা হলো কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম; চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালী, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর, পটুয়াখালীর রাঙ্গাবালী, ভোলার মনপুরা, সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও দোয়ারাবাজার; হবিগঞ্জের আজমিরীগঞ্জ এবং নেত্রকোনার খালিয়াজুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ