সিসি নিউজ ডেস্ক ।। কুমিল্লার বুড়িচংয়ে মাটিবাহী ড্রাম ট্রাক চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার দুজন আরোহী।
আজ শুক্রবার সকাল ৬টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজাঙ্গাল তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের মৃত ছাফর আলীর ছেলে অটোরিকশা চালক মো. জুলহাস মিয়া (৬০), একই গ্রামের আবুল হাশেমের ছেলে জহিরুল ইসলাম (৩৫), বুড়িচং উপজেলা ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামের দৌলত খাঁনের ছেলে মো. জালাল (৪০), জেলার দেবিদ্বার থানার ছগুরা গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (৩৩) এবং মো. আলমগীর হোসেন (৪২)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া আহত দুজন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এস আই) খোরশেদ আলম জানান, ‘সকাল ৬টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি সিন্ধুরিয়াপাড়া কাটাজাঙ্গাল তুতবাগান এলাকায় ক্যান্টনমেন্টগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে মাটিবাহী নম্বরবিহীন একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ট্রাকের ভেতর ঢুকে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ট্রাক চালক পালিয়ে গেছে।’
তিনি আরও জানান, ‘দুর্ঘটনার পরপর ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাসহ মরদেহগুলো হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা হাইওয়ে থানার ভিড় জামায়। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।
নিহত সাইফুলের ভাই রকিব জানান, ‘তাঁর ভাই ঢাকা-কুমিল্লা রুটে তিশা বাসের চালক ছিলেন। গাড়ি চালানোর জন্য বাড়ি থেকে কুমিল্লা যাচ্ছিল। পথে দুর্ঘটনায় ঘটে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সাইফুল।’
বুড়িচং উপজেলার একই এলাকার দুজন নিহত হয়েছে, নিহত দুজনই সাদকপুর পশ্চিমপাড়া এলাকার। পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবু তাহের জানান, নিহত জুলহাস সিএনজি চালক ও জহির স্যানিটারি মিস্ত্রির কাজ করত। একই এলাকায় দুজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।