সিসি নিউজ ।। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে গাইবান্ধা জেলা যুবদল দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে তাতে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর লাঠিচার্জ করে।
এতে বিএনপির নেতাকর্মীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। পরে নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুর সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক এসএম মিজানুর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকের কর্মসূচি ছিল সাধারণ জনগণের। পুলিশ বিনা উসকানিতে বিএনপি নেতাকর্মীর ওপর লাঠিচার্জ করেছে। সাধারণ জনগণের ভ্যাটের টাকায় যাদের বেতন ভাতা হয়, তারা জনগণের যৌক্তিক আন্দোলনে হামলা করছে। আপনারা জানেন, এই সরকার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রের বাইরে নিয়ে গিয়ে এখন নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’