সিসি নিউজ ।। দিনাজপুরের বিরামপুর পৌরশহরের একটি বাড়ি থেকে মোশাররফ হোসেন ঝন্টু (৬৫) নামে এক বাস শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পৌরশহরের পূর্ব জগন্নাথপুর মহল্লার নিজ বাড়ি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহত মোশাররফ হোসেন পৌরশহরের পূর্ব জগন্নাথপুর মহল্লার আব্দুর জলিলের ছেলে। তিনি দূরপাল্লার একটি বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন বিরামপুরের রাহবার এন্টারপ্রাইজ নামে একটি দূরপাল্লার বাসের সুপারভাইজার হিসেবে চাকরি করতেন। তার ছেলে ও স্ত্রী কেউই বাড়িতে থাকেন না। তিনি একাই বাড়িতে থাকতেন। চারদিন ধরে তিনি কাজে যাননি। সকালে নিহতের ওই বাড়ি থেকে পচা গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশিরা। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে মোশাররফ হোসেনের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মোশাররফ হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে নিজ বাড়িতে হয়তো স্টোক করে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে।