সিসি নিউজ ডেস্ক ।। কুমিল্লার লাকসামে ট্রেনের ছাদ থেকে পড়ে ইমরান হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১ মে) সকালে দৌলতগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন নোয়াখালীর সোনাপুর সদরের উপজেলার লুৎফুর রহমানের ছেলে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমিন উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে নোয়াখালী এক্সপ্রেসে নোয়াখালী যাওয়ার পথে সকাল সোয়া ৭টার দিকে লাকসাম উপজেলার দৌলতগঞ্জ বাজার এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে ইমরান নিহত হয়। পরে স্থানীয়রা তাকে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিখ্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ইমরান ঢাকায় একটি গ্রিল ওয়ার্কসপে কাজ করতেন। মা-বাবার সাথে ঈদ করতে তিনি বাড়ি যাচ্ছিলেন। তার সাথে থাকা মোবাইল ফোনের সূত্রে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পুলিশের ধারণা অসতর্ক অবস্থায় ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।