আন্তর্জাতিক ডেস্ক: একমাস আগে নিখোঁজ হওয়া দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে বাংলাদেশে পাচার করার চেষ্টায় ছিল দুষ্কৃতিকারীরা। এ সময় ছাত্রীটিকে উদ্ধার করেন ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ।
উদ্ধার ছাত্রীটির নাম দীপিকা ঘোষ। বাড়ি বসিরহাটের বাগুণ্ডি গ্রামে। বড় জিরাকপুর স্কুল এন্ড কলেজের ওই ছাত্রী একমাস আগে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায়। বাবা শিবপদ ঘোষ বসিরহাট থানায় নিখোঁজ ডায়েরি করেন।
বসিরহাট থানার পুলিশ বিএসএফের সহযোগিতায় ছাত্রীটিকে খোঁজা শুরু করে।
এরপর দীপিকাকে মঙ্গলবার বিকেলে হাসনাবাদ থানার টাকীর সৈয়দপুর সীমান্ত থেকে উদ্ধার করেন বিএসএফ-এর ৪৭ নম্বর ব্যাটেলিয়ন-এর জওয়ানরা। একদল দুষ্কৃতিকারী দীপিকাকে জোর করে নৌকায় তুলে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
সেই সময়ে বিএসএফের জওয়ানরা তা দেখতে পেয়ে ছুটে আসেন। তাঁদের আসতে দেখে দুস্কৃতিকারীরা ছাত্রীটিকে নৌকায় ফেলে রেখেই পালায়। বিএসএফ তাকে উদ্ধার করে হাসনাবাদ থানায় নিয়ে যায়।