সিসি নিউজ ডেস্ক ।। নাটোরের গুরুদাসপুরে ভুয়া অডিট অফিসার পরিচয়দানকারী তিনজনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গুরুদাসপুর পৌরসভা কার্যালয় থেকে তাদের আটক করা হয়। গত ৩ সেপ্টেম্বর থেকে আজ ৮ সেপ্টেম্বর পর্যন্ত তারা গুরুদাসপুর পৌরসভার বিভিন্ন কর্মকাণ্ড অডিট করেন।
আটককৃতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার চক নাজিরপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে এসএম ইউনুস আলী (৫৩), তার সহকারী একই গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে মো. সুমন আলী (৩২) এবং রাজশাহী নওহাটার বাঘসারা গ্রামের মো. জাফর আলীর ছেলে (চালক) শামীম পারভেজ রবি (৩২)।
এসময় তাদের ব্যবহৃত ১টি (ঢাকা মেট্রো-গ ৩২-২২৫৩) প্রাইভেটকার জব্দ করা হয়।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হক বলেন, অডিটে আসার পর থেকেই তাদের আচার-আচারণ ও ব্যবহার ছিল সন্দেহজনক। পরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গুরুদাসপুর পৌরসভায় কোনো অডিট টিম পাঠানো হয়নি। পরে এ বিষযে মেয়র শাহনেওয়াজ আলীর মাধ্যমে থানায় খবর দিলে তাদের আটক করে গুরুদাসপুর থানা পুলিশ।
এ বিষয়ে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী বলেন, অডিট কর্মকর্তাদের আচার-আচারণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ভুয়া অডিট অফিসার বলে স্বীকার করেন।
গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া অডিট অফিসারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।