টাঙ্গাইল: ভূয়াপুরে বাস চাপায় মোটরসাইকেলের আরোহী মা-ছেলে নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক জুয়েল। শুক্রবার দুপুরে ভূয়াপুর-টাঙ্গাইল সড়কের শিয়ালকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামের মো. জুয়েলের স্ত্রী মায়া বেগম (২৫) ও দুই বছরের ছেলে মিরাজ।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেচ আলী মিঞা জানান, যশোর সেনানিবাসে কর্মরত সেনা সদস্য জুয়েল তার দুই বছরের শিশুপুত্র ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ভূয়াপুর যাচ্ছিলেন। পথে শিয়ালকোল এলাকায় পৌঁছলে তারাকান্দিগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েলের স্ত্রী মায়া বেগমের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর ছেলে মিরাজ মারা যায়।