সিসি নিউজ ।। ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে হাজির আরিফুল ইসলাম । তিনি নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাবেন ঢাকা। তাঁর হাতে ‘ঞ’ বগির টিকিট। টিকিট নিয়ে বগি খুঁজছেন তিনি। ‘ঞ’-এর আশপাশের সব বগিই আছে। কিন্তু নেই শুধু ঞ’ বগি।
আরিফুল ইসলাম শুধু একা নয় তার মতো অন্য যাত্রীরাও টিকিট হাতে নিয়ে বগিটি খোজার জন্য ট্রেনের এক মাথা থেকে অন্য মাথায় ছুটতে থাকেন। উৎকণ্ঠা নিয়ে তাঁদের সবার প্রশ্ন, ‘ঞ’ বগিটা গেল কোথায়?
একপর্যায়ে জানা গেল, মেরামতের জন্য ‘ঞ’ বগি খুলে রাখা হয়েছে। সে কারণেই বগিটি ছাড়া ট্রেনটি চলছে। তোপের মুখে অবশেষে অনেক যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। আবার টিকিট নিয়ে হুড়োহুড়ি করে অন্য বগিতে ওঠতে গিয়ে আহত হন প্রায় ১০ জন যাত্রী। পরে প্রায় দেড় ঘণ্টা দেরি করে সৈয়দপুর রেলস্টেশন ছাড়ে নীলসাগর এক্সপ্রেস। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস টেনটি চিলাহাটিতে গমন করে। সেখানে ট্রেন পরিক্ষক ট্রেনটি পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় ট্রেনটির সৈয়দপুরের জন্য বরাদ্দ ৯২ আসনের পিছনের ৭৬৬ নং ঞ বগির যান্ত্রিক ত্রুটি পেয়ে সাথেই তা ড্যামেজ ঘোষনা করেন। বগিটি ছাড়াই ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওয়ানা দেয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওই দিন রাত ৯ টায় এ বগির আসনে টিকেট ক্রয় করা যাত্রীরা হাজির হয় ষ্টেশনে। ট্রেনটি চিলাহাটি থেকে সৈয়দপুর পৌছলে যাত্রীরা টিকেটের আসন পেতে উল্লেখিত বগি খুজতে ছুটোছুটি করে। সামনে বা পিছনে কোথাও খুজে পান না বগিটি। পরে স্টেশনের মাইকে ঘোষনা করা হয় যান্ত্রিক ত্রুটির কারণে বগিটি খুলে রাখা হয়েছে। ইচ্ছে করলে কেউ দাঁড়িয়ে অন্য বগিতে যেতে পারবেন তানাহলে টাকা ফেরত দেওয়া হবে। এই ঘোষনার পর অনেকে টাকা ফেরত নিলেও অধিকাংশ যাত্রী অন্য বগিতে ওঠেন। মতিউর রহমান (৪০) নামে এক যাত্রী বলেন, হুড়োহুড়িতে ট্রেনে ওঠার সময় পকেট থেকে ১০ হাজার টাকা খোয়া গেছে।
আহসান হাবিব নামের এক যাত্রী জানান, তিনি ঢাকার বেসরকারি একটি ফার্মে যোগ দেবেন। তাই বাধ্য হয়ে আসনের টিকেট নিয়ে দাড়িয়েই ৪ শত কিলোমিটারের পথ ভ্রমন করছেন।
এ বিষয়ে সহকারী স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার বলেন, প্রতি ১ হাজার কিঃমিঃ পর ট্রেনের ফিটনেস পরীক্ষা করতে হয়। ওই দিন চিলাহাটি ষ্টেশনে ট্রেন পরীক্ষক ওই কোচের যান্ত্রিক ত্রুটি পেয়ে কোচটি ড্যামেজ ঘোষনা করেন। পরে মাইকিং করে জানানো হয় যাত্রীদের। এটি একটি দুর্ঘটনা। তাই আমাদের করার কিছুই নেই।