
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ৭৮১ পিস ইয়াবাসহ মোঃ মহিবুল্লাহ (৩২) ও নাসির উদ্দীন (২৮) নামে দুইজনকে আটক করেছে র্যাব-১৩ সিপিসি-২ এর একটি দল। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশ থেকে তাঁদের আটক করা হয়। আজ রোববার সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান ওইদিন রাত সাড়ে ৯ টার দিকে আটক দুইজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। আটক মহিবুল্লাহ বাঙ্গালীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ওয়ার্ডের আওয়ামীলেগের সভাপতি কারী শহিদুল ইসলামের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা। আর নাসির উদ্দীন দিনাজপুরের পার্বতীপুর শহরের হুগলিপাড়া এলাকার মাহবুবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিসি-এর ওই দলটি অভিযান পরিচালনা করে। এ সময় উল্লেখিত এলাকায় ওই দুইজনকে আটক করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে ৭৮১ পিস ইয়াবা উদ্ধার করে তা জব্দ করা হয়।
ওসি সাইফুল ইসলাম বলেন,আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।