সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের দক্ষিনে বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত কিশোর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর সাতপাই মুচিরহাটের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বানিয়াপাড়া এলাকায় উল্লেখিত সময় রেললাইনের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল ওই কিশোর। এ সময় চিলাহাটি থেকে রাজশাহী গামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, মেহেদীর বাবা জানিয়েছেন সে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন । তার চিকিৎসা চলছিল। আজ দুপুরের পর সে কাউকে জানিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।