সিসি নিউজ ডেস্ক।। শরীয়তপুরের ডামুড্যায় বিজয় দিবসের র্যালিতে অটোরিকশার ধাক্কায় লামিয়া (৯) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
লামিয়া উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকার স্বপন মাঝির মেয়ে। সে ১০ নং চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে চরবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের সড়কে বিজয় দিবসে র্যালি করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি র্যালীতে ঢুকে যায়। এসময় অটোরিকশার চাকার নিচে পড়ে পিষ্ট হয় লামিয়া। গুরুতর আহত পর শিশু লামিয়াকে উদ্ধার করে এলাকাবাসী ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত্যু বলে ঘোষণা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন বলেন, আমরা সকল শিক্ষার্থীদের নিয়ে বিজয় দিবসের র্যালীর আয়োজন করি। শিক্ষার্থীরা আসে স্কুলে র্যালীতে অংশগ্রহণ করার জন্য। আমরা সবাই র্যালীতে অংশগ্রহণ করার জন্য রাস্তায় দাঁড়াই। এসময় হঠাৎ করে অটোটি এসে লমিয়াকে ধাক্কা দেয়।
জানতে চাইলে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল ইসলাম বলেন, ঘটনার পর চালক অটোরিকশা নিয়ে পালিয়েছে। তাকে আটকের জন্য খুঁজছে পুলিশ। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।