• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

বিএনপির সাথে খেলতে যুবলীগই যথেষ্ট- নিক্সন

সিসি নিউজ।। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও যুবলীগের সুবর্ণজয়ন্তী জাতীয় উদযাপন কমিটির আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি বলেন, ‘কোনো খেলা হবে না, আর যদি খেলা হয় তাহলে বিএনপির সাথে খেলতে যুবলীগই যথেষ্ট, আওয়ামী লীগ আর লাগবে না। আমরা প্রস্তুত, আপনারা আসেন, দেখি কতটুকু খেলতে পারেন।’ তিনি প্রশ্ন করে বলেন, কার সাথে খেলবো, যে ১০ ট্রাক অস্ত্র মামলায়, গ্রেনেড হামলা মামলায়, চুরি মামলায়, দুর্নীতির মামলায়, এতিমের টাকা আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামী লন্ডনে বসে আছেন, তার সাথে আমরা কিভাবে খেলবো। আমরা কিভাবে খেলবো ৮০ বছর বয়সের একজন দুর্নীতি মামলায় জেলে আছেন, আমাদের নেতৃর দয়ায় বাসায় নিয়ে গেছেন তার সাথে আমরা কিভাবে খেলবো। আমরা কার সাথে খেলবো? যারা বিদ্যুৎ না দিয়ে খাম্বা লাগিয়ে টাকা চুরি করে নিয়ে গেছেন, আমরা তার সাথে খেলবো? খেলা হবে না। ভালো টিমই নাই যার সাথে আমরা খেলবো। আর যারা আছেন তাদের সাথে আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না, স্বেচ্ছাসেবকলীগ লাগবে না। শুধু যুবলীগ নামলে আমরা জিতবো ইনশাআল্লাহ।’

রোববার দুপুরে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি ওই কথাগুলো বলেন। সেখানে সদর উপজেলার এক হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।
বক্তৃতা করেন কেন্দ্রিয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্রনাথ বর্ধন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলার ৬ উপজেলা ও জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ বলেন, ‘যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার এক হাজার শীতার্তের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করা হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ