সিসি নিউজ।। ক্লাস প্রওমোশনের দাবিতে মানববন্ধন করেছে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী। সোমবার বিকালে বিদ্যালয়ের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ছাড়াও অভিভাবকরা অংশ নেন ওই মানববন্ধনে।
অভিভাবক বিউটি বেগম অভিযোগ বলেন, ‘আমার মেয়ে সপ্তম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির প্রমোশন পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় তাকে প্রমোশন দেওয়া হয়নি। অথচ একই শ্রেণির এক বিষয়ে ফেল করা অনেককে প্রমোশন দেওয়া হয়েছে। বিষয়টি প্রধান শিক্ষককে বলা হলে তিনি আমাকে নিয়মের কথা বলেছেন। কিন্তু নিয়মতো একটাই হওয়া উচিৎ।’
অপর অভিভাবক আসমা সুফিয়া বলেন,‘সরকার যেখানে শ্রেণি পরীক্ষা বন্ধের চিন্তা করছেন। অথচ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এক-দুই বিষয়ে ফেল কলা শিক্ষার্থীদের প্রমোশন দিচ্ছেন না। পাশেই সরকারি বালক বিদ্যালয়ে এমন নিয়ম নেই। সেখানে সকল শিক্ষার্থীকে উপরের ক্লাশে প্রমোশন দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক নিয়মের কথা বলছেন। কিন্তু সরকারি দ্যিালয়ের নিয়মতো একটাই হয়।’
অভিভাবক সাইফুল ইসলাম বলেন, ‘পাঠ্যসূচিতে এবার নতুন কারিকলাম এসেছে। যে শিক্ষার্থী প্রমোশন পেল না তাকে পুরোনো কারিকুলাম বাদ দিয়ে একই ক্লাসে আবারো নতুন কারিকুলামে লেখাপড়া করতে হবে। এতে করে ওই শিক্ষার্থীর মন ভেঙ্গে পড়বে। পাশের আরেকটি সরকারি বিদ্যালয়ে সকলকে প্রমোশন দেওয়া হলেও বালিকা বিদ্যালয়ে অন্য নিয়ম চালু করেছে। বিষযটি নিয়ে আমরা অভিভাবকরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেও কোন কাজ হয়নি। এ বিষয়ে উর্দ্ধতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আশরাফি বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ৫৩ জন শিক্ষক মিলে রেজুলেশন করে ক্লাস প্রমোশনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে দুই-একজন শিক্ষার্থীর শিক্ষার গুণগত মান যাচাই বাচাই করে পরবর্তী ক্লাসে প্রমোশন দেয়া হয়েছে। এটা আমার একক কোন সিদ্ধান্ত নয়। মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই।’