নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবার শুভ সূচনায় চিকিৎসা সেবা গ্রহন করেছেন ১৪ জন রোগি। এসময়ে রোগ নির্নয়ের বিভিন্ন পরীক্ষার সুবিধা গ্রহন করেন ৬ জন। বৃহস্পতিবার বিকালে সেবার উদ্বোধন করেন সিভিল সার্জন মো. হাসিবুর রহমান। এরপর থেকে আগত রোগিরা চিকিৎসাসহ অন্যান্য সুবিধা গ্রহন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রায়হান বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম রেজওয়ানুল কবির, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু সফি মাহমুদ, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রী রোগ ও প্রসুতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আফরিন, ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমুখ।
উদ্বোধনের পর প্রথম সেবাগ্রহিতা ছিলেন বোড়াগাড়ি ইউনিয়নের বটতলি বাজার এলাকার সুজন রায় (২০)। অসময়ে হাসপাতালে চিকিৎসা সেবা পেয়ে তিনি খুশি হয়ে বলেন, ‘আমার গাল ও গলা ফুলে যাওয়ায় ভীষণ ব্যথা হচ্ছে। এ ব্যবস্থা চালু হওয়ায় অসময়ে হাসপাতালে ডাক্তার পেলাম। ২০০ টাকার বিনিময়ে চিকিৎসা পেয়ে আমার অনেক ভালো লাগছে। এ ব্যবস্থা চালু থাকলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বৃহস্পতিবার এ সেবা চালু হলে ১৪ জন রোগি চিকিৎসা সেবা নিতে আসেন। বিভিন্ন রোগ নির্নয়ের পরীক্ষার জন্য এসেছিলেন ৬ জন।
সিভিল সার্জন মো. হাসিবুর রহমান বলেন, ‘কোন সেবার কত ফি সেটা সরকার নির্ধারণ করে দিয়েছে। সকলের সুবিধার্থে সে তালিকা টানানো হয়েছে। প্রথমদিনে ভালো সাড়া পাওয়া গেছে। বিষয়টির প্রচার প্রচারণা হলে রোগির সংখ্যা বাড়বে।’