রইজ উদ্দিন রকি: নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বিভিন্ন মাঠ জুড়ে গম আবাদে ভরে গেছে। সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে গম চাষে মন দিয়েছে কৃষকরা। আবহাওয়া অনুকুল থাকায় বাম্পার ফলন আশা করছেন কৃষকরা। সৈয়দপুর কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর এই উপজেলায় পৌরসভাসহ ৫টি ইউনিয়নে গম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৫০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রার অধিক প্রায় ২০০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। সৈয়দপুর পৌরসভাসহ, বোতলাগাড়ী, বাঙালিপুর, খাতামধুপুর, কাশিরাম বেলপুকুর ও কামার পুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, এ বছর গমের আবাদ বেশি হওয়ায় যেদিকে তাকানো যায় সেদিকে শুধু গমের ক্ষেত চোখে পড়ছে। চলতি মৌসুমে গম আবাদের উপযোগী আবহওয়া থাকায় এ বছর গমের বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন। উপজেলার ইউনিয়নের মাঠে মাঠে দেখা গেছে, গমের পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকও কৃষানিরা। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার হুমায়ারা মন্ডল বলেন, চলতি বছর গম বারি ২৫ ও ২৬ এর চাষের উপযোগী আবহাওয়া থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক গমের আবাদ হয়েছে। এবার গমের গাছও ভালো হয়েছে, ফলনও ভালো হওয়ার আশা করছেন তিনি।