নীলফামারী প্রতিনিধি।। “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” শ্লোগানে নীলফামারীতে নানা কর্মসূচিতে পালিত হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস। রবিবার সকাল ১০টার দিকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে বক্তৃতা দেন পুলিশ সুপার গোলাম সবুর, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিরোদা রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, নীলফামারী জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. আবু-আল হাজ্জাজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ। কর্মসূচির অংশে কালেক্টরেট চত্বরে দিনব্যাপী আয়োজিত মেলায় ১৩টি স্টলে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা প্রদর্শণ করা হয়। বিকালে অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।