সিসি নিউজ।। নীলফামারীতে বিএনপির পাঁচ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার জলঢাকা, সৈয়দপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম (৫০), একই উপজেলার গণঅধিকার পরিষদের সভাপতি মোহাইমেন রহমান (৪০), সৈয়দপুর উপজেলা শহরের সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মির্জা রুহুল আমিন (৫৫), নীলফামারী সদরে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন (৫০), সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান (২৯), পলাশবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি খাদেমুল ইসলাম (৬৮)।
পুলিশ সুপার মো. গোলাম সবুর ওই ছয় ব্যক্তিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন,‘ নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে’।