বিরামপুর প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুরে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় গোলাম রব্বানী (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেন থেকে নামতে গেলে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র গোলাম রব্বানী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। নিহতের ফুপাতো ভাই রাকিবুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
রাকিবুল ইসলাম রনি বলেন, জয়পুরহাট কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল রব্বানী। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ি আসার সময় জয়পুরহাট স্টেশন থেকে ভুলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে সে। বিরামপুর স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন না দাঁড়ানোয় রব্বানী চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গেলে প্ল্যাটফর্মের নিচে পড়ে দেহ থেঁতলে যায়।
এ সময় বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে আসার আগেই ট্রেন দুর্ঘটনায় আহত যুবক রব্বানীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর স্টেশনের সহকারী মাস্টার বিশ্বনাথ কয়াল বলেন, ২ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ দিকে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গেলে গোলাম রব্বানী নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়।