সিসি নিউজ।। বিভাগীয় পর্যায়ে জয়িতা সন্মাননা পেয়েছেন নীলফামারীর দলিত সম্প্রদায়ের ছবি রানী দাস। সমাজ উন্নয়নে অসামান্য অবদানে তিনি ওই সন্মাননা অর্জন করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যেগে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় সন্মাননার আয়োজন করে রংপুর বিভাগীয় কমিশনার ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
গত বুধবার বিকেলে রংপুরে আরডিআরএস সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সন্মাননা তুলে দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। এসময় বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় পুলিশের ডিআইজি মো. আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাকিয়া আফরোজ প্রমুখ।
ছবি রানী দাস এর আগে একই ক্যাটাগরিতে নীলফামারী সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন। তিনি জেলা সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী এলাকার ধনীপাড়া গ্রামের লালচান দাসের মেয়ে। ছবি রানী জানান, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য তাকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হয়েছে। বুধবার আরডিআরএস সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি কেয়া খানের হাতে শ্রেষ্ঠ জয়িতার ক্রেস্ট, সনদপত্র ও নগদ ২৫ হাজার টাকা গ্রহন করেন।
তিনি বলেন, ‘আমরা যখন নিজের অর্থ, সময়, মেধা ব্যয় করে মানুষের জন্য কাজ করি। ওই কাজে মানুষের উপকার হলে অনেক ভালো লাগে। আর যখন বড় পরিসরে আয়োজন করে আমাদের কাজের কেউ স্বীকৃতি দেয় তখন আরো ভালো লাগে। আরো বেশি কাজ করার উৎসাহ বাড়ে’।