সিসি নিউজ।। নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে নয়টার দিকে জেলা জজ আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম। বক্তৃতা দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম রসুল, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মো. গোলাম সবুর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মতিউর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন মো. হাসিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অক্ষয় কুমার রায় প্রমুখ।
জেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা উৎপল ঘোষ।
অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী হিসেবে আনোয়ার হোসেন ও রোখসানা আঞ্জুম লিজাকে সম্মাননা প্রদান করা হয়।
জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম তার বক্তব্যে বলেন, ‘ জেলা লিগ্যাল এইড অফিস এখন দরিদ্র মানুষের মামলার খরচ বহনের পাশাপাশি আইনী পরামর্শ সেবা, আপোসে বিরোধ নিস্পত্তিসহ যে কোনো আইনী তথ্য সেবা প্রদান করে থাকে।’ তিনি অহেতুক মামলায় না জড়িয়ে মানুষকে আইনী পরামর্শ গ্রহনের জন্য লিগাল এইড কার্যালয়ে আসার আহবান জানান।
এর আগে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।