সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জলঢাকা থানা পুলিশ। সোমবার সকাল ছয়টার দিকে জলঢাকা-ডালিয়া সড়কের বালাগ্রাম ইউনিয়নে সাইফুন নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছ গ্রামের সাফিন ইসলাম (২৮) ও একই গ্রামের জহিরুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে তারা জলঢাকার দিকে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পথের ওই স্থানে অভিযান চালিয়ে ব্যাগ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। তারা দুই জনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে’।