সিসি নিউজ।। নীলফামারীতে ২০১৪ সালের নির্বাচন বিরোধী আন্দোলনে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য আধাপাকা বাড়ি তৈরী করে দিচ্ছে কেন্দ্রীয় বিএনপি। রবিবার বেলা ১২টার দিকে ওই বাড়ি নির্মান কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আসাদুল হাবিব দুলু। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে ওই বাড়ি তৈরী করা হচ্ছে বলে জানায় দলীয় সূত্র।
উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, ’আমরা বিএনপির পরিবার’-এর উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন, আহ্বায়ক আতিকুল রহমান রুমন, সদস্য মাসুদ রানা লিটন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার যুগ্ম আহবায়ক মশিউর রহমান, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা গোলাম রব্বানী ও আতিকুর রহমানের কবর জিয়ারত করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম জানান, দলের গঠন করা সেল ‘আমরা বিএনপির পরিবার’ এর উদ্যোগে দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা একটি ঘর নির্মান করে দেওয়া হচ্ছে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে। এতে খরচ হবে সাড়ে তিন লাখ টাকা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই অর্থ সহায়তা দিচ্ছেন।
উল্লেখ্য, গোলাম রব্বানী ছিলেন জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। ২০১৪ সালের নির্বাচন বিরোধী আন্দেলনে সম্পৃক্ত ছিলেন। ওই আন্দোলন চলাকালে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জ বাজারে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনায় এক পথচারীসহ চার আরওয়ামী লীগ নেতাকর্মী নিহত হন। এঘটনার মামলায় প্রধান আসামী ছিলেন গোলাম রব্বানী। পলাতক থাকার পর ২০১৪ সালের ১৮ জানুয়ারী ভোরে সদরের পলাশবাড়ি ইউনিয়নের গোতামারী ব্রিজের অদূরে থেকে তার লাশ উদ্ধার হয়। এর কয়েকদিন পর সৈয়দপুর বাইপাস সড়ক থেকে টুপামারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমানের লাশ উদ্ধার হয়।