• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

সৈয়দপুরে দফায় দফায় সাংবাদিকের বাড়িতে হামলা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার দৈনিক কালের কণ্ঠ ও করতোয়া প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতুর বাড়িতে পাঁচ দফায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ৫ আগস্ট সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার বাড়িতে এসব হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক লুতুর পারিবারিক সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাত ৯টার দিকে বাড়িতে প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও দরজা জানালা ভাঙচুর করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকী দিয়ে চলে যায়। এরপর থেকে রাত ১১টা পর্যন্ত একই কায়দায় আরো দুই দফায় হামলা চালায়। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে শুক্রবার বেলা ১২টার পর এক দফা এবং দুপুর দুইটার পর আরেক দফা হামলার চেষ্টা চালায়। এসময় প্রতিরোধ করা হলে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়।
এ বিষয়ে সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু সিসি নিউজকে বলেন,‘ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। বারবার হামলা এবং আরো হামলার শঙ্কার নির্ঘুম রাত কাটছে পরিবারের সদস্যদের। এমতাবস্থায় খুব জরুরী প্রয়োজনেও বাড়ির বাইরে যেতে পারছিনা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও আমার পরিবারের শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে পড়েছে। বিষয়টি আমি স্থানীয় প্রশাসন, সাংবাদিক মহল ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অবহিত করেছি’।
শুক্রবার পরপর দুই দফায় হামলার খবরে সাংবাদিক লুতুর বাড়িতে ছুটে আসেন জাতীয় পাটির সাবেক সংসদ সদস্য ও বর্তামান বিএনপি নেতা শওকত চৌধুরী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সহসভাপতি অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান, কাজী একরামুল হক, সাধারণ সম্পাদক শাহীন আকতার, ফরহাদ হোসেন, শওকত হায়াত শাহ, উপজেলা জাপার সাধারন সম্পাদক জিএম কবির মিঠু, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর হাফেজ গোলাম মুনতাকিম, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক জিকরুল হক, সাংবাদিক নজির হোসেন, এমআর আলম ঝন্টু, জসিম উদ্দিন, ওবায়দুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ