সিসি নিউজ।। নীলফামারী জেলা সদরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী পালনে কোন নেতাকর্মীর দেখা না মিলেনি। তবে জেলার কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে দিবসটি। বৃহস্পতিবার সকাল আটটার দিকে কিশোরগঞ্জ বাজার থেকে উপজেলা যুবলীগের উদ্যোগে একটি শোকর্যালী সড়ক প্রদক্ষিণ করে। শেষে কিশোরগঞ্জ সরকারি কলেজ শহিদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। পরে সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের ঘটনায় সকল শাহাদাৎ বরণকারীর আত্মার শান্তি কামনায় মোনাজাত ও শোকসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট। এসময় উপস্থিত ছিলেন নিতাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুকুজ্জামান ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রশিদুল ইসলাম বাবু, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব হিজবুল্লাহ রহমান ডালিম, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক রিপন ইসলামসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। অপরদিকে সৈয়দপুর উপজেলায় সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠি হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, জাহাঙ্গীর আলম সরকার, মোহাম্মদ শাহাজী, যুবলীগ নেতা কাজী রাশেদ, কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিকো আহমেদ প্রমুখ। এদিকে জেলা শহরে আনুষ্ঠানিক কোন কর্মসূচি পালিত না হলেও বৃহস্পতিবার সকালে শহরের ডিসির মোড়স্থ বঙ্গবন্ধু চত্বরে জাতীয় ও কালো পতাকা উড়তে দেখা যায়। তবে সেখানে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠেনর কোন নোতাকর্মী ও সমর্থককে দেখা যায়নি। উল্লেখ, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি ধ্বংসস্তুপে পরিণত হয়।