সিসি নিউজ।। নীলফামারীতে নব নির্বাচিত জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার শপথ গ্রহন করেছেন। মঙ্গলবার জেলা শহরের আল হেলাল একাডেমি চত্বরে জেলা জামায়াতের কার্যালয়ে মজলিসে শুরার অধিবেশনে ওই শপথ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম তাঁকে শপথবাক্য পাঠ করান। পরে সেখানে জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে মজলিসের সূরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বিলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অ্যাডভোকেট আব্দুল বাতেন ও আব্দুর রশিদ। পরে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম আগামী ৮ নভেম্বর নীলফামারী বড়মাঠে আয়োজিত কর্মী সম্মেলনস্থল পরিদর্শণ করেন। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।