সিসি নিউজ।। সৈয়দপুরে আসছেন ব্লাক ডায়মন্ড খ্যাত সঙ্গীতশিল্পী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেবী নাজনীন। কাল শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় বেসরকারী একটি ফ্লাইটে নিজ জন্মস্থানে আসবেন তিনি। সৈয়দপুর জেলা বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মাহফিলে যোগ দেবেন তিনি।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন সিসি নিউজকে জানান, বিমানবন্দর থেকে বেবী নাজনীন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সাধারন সম্পাদক অসুস্থ্য শাহিন আকতারের বাসায় যাবেন। তারপর বিকেলে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে ছাত্র-আন্দোলনে সারাদেশে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেবেন। তিনি বলেন, দিনব্যাপী রাজনৈতিক কর্মসূচি শেষে ওইদিন সন্ধ্যায় ঢাকা ফিরে যাবেন।
উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন বেবী নাজনীন। বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার কারণে আওয়ামী শাসনের ১৬ বছরে বেবী নাজনীন নানাভাবে প্রতিহিংসার শিকার হন। বন্ধ হয়ে যায় তার পেশাগত কর্মকান্ড। অহেতুক আটকসহ নানা হেনস্তার মুখে প্রায় ৮ বছর আগে দেশ ছাড়তেই বাধ্য হন তিনি। গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে ফেরেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত তারকা ব্লাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীন।