সিসি নিউজ।। নীলফামারী জেলায় ৩ লাখ ৭ হাজার ২৬২জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ দিনব্যাপী ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
কর্মশালায় সিভিল সার্জন মো. আব্দুর রাজ্জাক জানান, ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ক্যাম্পেইনে জেলার ৬ উপজেলা ও ২ পৌরসভায় ৬ মাস থেকে ১১মাস বয়সী ৩১ হাজার ৪০৯ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৫ হাজার ৮৫৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য জেলায় এক হাজার ৫৯০টি কেন্দ্রে কাজ করবে ৩ হাজার ১৮০ জন সেচ্ছাসেবক ও প্রথম সারির সুপারভাইজার ১৯১ জন। এছাড়া সিভিল সার্জনের পক্ষ থেকে মনিটরিং টিম সমস্ত কেন্দ্র পর্যবেক্ষণ করবে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স এন্ড ইমুনিজেশন চিকিৎসা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. আতিউর রহমান শেখ, জেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।