সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ মিলেছে। এ সময় স্থানীয়রা নুর আমিন (৩৫) নামের ওই বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈয়দপুর পৌরসভার হাওয়ালদার পাড়ায়।
ভুক্তভোগি পরিবার ও স্থানীয়রা জানান, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষনপুর গ্রামের বাড়াশাইলপাড়ার আকবর আলীর ছেলে নুর আমিন। সে শহরের হাওয়ালদার পাড়ায় বাসা ভাড়া নিয়ে রিক্সাচালায়। আজ মঙ্গলবার ৬ বছরের ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এদিকে ভুক্তভোগি শিশুটির মা মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশিদের জানায়। সন্দেহজনক ভাবে নুর আমিনের বাসায় খুঁজতে গিয়ে শিশুটিকে তারা দেখতে পায়। এ সময় বখাটে যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন জানান, আটক ওই ব্যাক্তির বিরুদ্ধে অপহরণ করে ধর্ষনের চেষ্টার মামলার প্রস্তুতি চলছে। শিশুটির বাবা নিজে ওই মামলার বাদী হয়েছেন।