সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় মাহমুদ (৪৮) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শহরের সাহেবপাড়া আমিন মোড়ের লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদ শহরের পুরাতন বাবুপাড়া এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে। পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। স্ত্রী নাসরিন (৩৬), দুই সন্তান নাফিজা মিম (১৪) ও মাহিত (১৩) কে নিয়ে উল্লিখিত এলাকায় টিনসেট বাড়িতে বসবাস করতেন তিনি।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে নাসরিন তার দুই সন্তান নিয়ে ভাগিনার বিয়ের অনুষ্ঠানে যান। সন্ধ্যায় ফিরে এলে মাহমুদ ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতে না খেয়ে সে পাশের রুমে ঘুমাতে যায় মাহমুদ। সকালে ওই রুমের দরজা খোলা দেখতে পেয়ে নাসরিন ভিতরে গিয়ে ঘরের তীরে নাইলনের রশিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর স্বামীকে ঝুলতে দেখতে পান । পরে তাঁর (স্ত্রী নাসরিন) চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং সুরতহাল রিপোর্ট তৈরী করে মাহমুদের মরদেহ থানায় নিয়ে আসেন।
নিহতের মাহমুদের পরিবারের সদস্যদের অভিযোগ, মাহমুদের সাথে তার স্ত্রী ও শ্বশুরবাড়ীর লোকজনের সাথে পারিবারিক কলহ লেগে থাকতো। এনিয়ে একাধিকবার বিচার সালিশও হয়েছে। কয়েকদিন আগেও তাদের মধ্যে ঝগড়া হলে মাহমুদকে লাঞ্চিত করা হয়। এসব কারণে হয়তো সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
তবে এ ব্যাপারে মাহমুদের বড় শ্যালক সাদ্দাম নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, মাহমুদ ও তার স্ত্রীর সাথে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য ছিলো। আমরা তাদের সংসার টিকিয়ে রাখতে একাধিকবার মিমাংসা করেছি। তাঁকে নির্যাতনের প্রশ্নই ওঠেনা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।