চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় যুকলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নিহতের নাম মো. হাসান। নিহত হাসান ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় কর্মী ও উপজেলার কাঞ্চনা ইউনিয়নের গুরগুরি গ্রামের মাহামুদুল হকের ছেলে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা এলাকার অদূরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কাঞ্চনা ফুলতলার অদূরে সিএনজি অটোরিকসাযোগে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা হাসানকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত হাসানকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়।
স্থানীয়রা জানায়, স্থানীয় ছৈয়দ আহমেদের ছেলে আবু সালেহ গং এর সঙ্গে জমি-জমা নিয়ে যুবলীগ কর্মী হাসানের বিরোধ ছিল। এছাড়া পরকীয়া সম্পর্কের জের ধরে ১০ থেকে ১৫ দিন আগে আবু সালেহর স্ত্রী খুকি আক্তার যুবলীগ কর্মী হাসানের সঙ্গে পালিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। এ হত্যাকাণ্ডের সঙ্গে এসব ঘটনার যোগসূত্র থাকতে পারে বলেও তারা জানান।