সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আ.লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয়তাবাদী পরিবারে যোগ দিলেন তাঁরা।
আনোয়ার হোসেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওই ইউনিয়ন শাখার সভাপতি। যোগদানের সময় ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক লাবু সরকার, ৮ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা আ.লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল হাসেম সরকার সহ ওই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বেশিরভাগ আ.লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজারের একটি চাল কল চত্ত্বরে আয়োজন করা হয় যোগদান অনুষ্ঠান। সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত হলে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ফুলের তোড়া দিয়ে বরণ করেন তাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৬ বছর আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ড, নিষ্ক্রিয়তা ও নেতাকর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি করে রাখায় তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।
এ বিষয়ে বিএনপিতে যোগদানকারী ৮ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আলতাফ হোসেন বলেন, আমি ২০১৭ সালে আ.লীগের রাজনীতিতে জড়িযে পড়ি। কিন্তু স্থানীয় আওয়ামী লীগের কর্মকাণ্ডে অসন্তোষ ছিলাম। অন্য নেতারাও একই কারণে অসন্তোষ। তাই আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে অর্ধ শতাধিক নেতাকর্মী মিলে বিএনপিতে যোগদান করেছি। আমাদের কোনোভাবে কেউ ভয়ভীতি প্রদান করে দলে যোগদান করানো হয়নি।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী আমরা।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ৭০ জন নেতাকর্মী নিয়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন এবং তাদের অভিজ্ঞতা তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপি সহ-সভাপতি কাজী একরামুল হক, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেন উপস্থিত ছিলেন।