সিসি নিউজ।। নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির ১০ সদস্যকে (ইউপি) সঙ্গে নিয়ে যোগ দিলেন বিএনপিতে। মঙ্গলবার শহরের জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন তাঁরা।
ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরের সঙ্গে যোগদানকারীরা হলেন, ইউপি সদস্য মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, মো. আহাদ আলী, মনি বেগম, আঞ্জুয়ারা বেগম, মমতা বেগম, মো. মজনু, মো. সিদ্দিক আলী ও মো. সৈয়দ আলী।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নীলফামারী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান, সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, সদস্য আনিছুর রহমান, শেফাউল জাহাঙ্গীর প্রমুখ।
ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ছিলেন। গত ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় ২০২২ সালে তিনি দল থেকে বহিষ্কার হন।
যোগদান অনুষ্ঠানে হেদায়েত আলী শাহ ফকির বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার কারণে ২০২২ সালে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। নীলফামারী জেলার উন্নয়নের স্বার্থে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি অনুপ্রানিত হয়ে আমি পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিএনপিতে যোগদান করলাম’।
প্রধান অতিথি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ফুল দিয়ে তাঁদেরকে বরণ করে নিয়ে বলেন, ‘নীলফামারী জেলার উন্নয়নে আমরা অনেক পরিকল্পনা হাতে নিয়েছি, আসুন আমরা দলমত নির্বিশেষে জেলার উন্নয়নের ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আমরা সরকার গঠন করলে আগামী পাঁচ বছরে নীলফামারী জেলাকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তুলবো’।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ইউপি চেয়ারম্যানসহ সদস্যদের বিএনপিতে যোগদানের কথা স্বীকার করে বলেন, ‘নির্বাচনী আচরণবিধির কারণে আমরা ঘরোয়া পরিবেশে দলীয় কার্যালয়ে তাদের বরণ করে নিয়েছি। তাদের মতো অনেকে আমাদের দলে যোগদানের ইচ্ছা পোষণ করেছেন। আমরা আগামী ২১ জানুয়ারীর পর আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নিব’।
উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারী জেলা সদরের সাবেক চার ইউপি চেয়ারম্যান বিএনপিতে যোগদান করেন। নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়নে এবার প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।