• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন |

আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা: বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড

সিসি নিউজ ডেস্ক।। আইসিসি পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অংশ নেবে স্কটল্যান্ড।

শনিবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এক বিবৃতি প্রকাশ করে আইসিসি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশ আর বিশ্বকাপে অংশ নিচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণের নিশ্চয়তা না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গ্রুপে স্কটল্যান্ডের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

আইসিসির বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্বেগগুলো নিয়ে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে একাধিক স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন পরিচালনা করা হয়েছে। তবে ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “সব ধরনের মূল্যায়নের পর আইসিসির সিদ্ধান্ত এই যে, বাংলাদেশ দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য ভারতে কোনো গ্রহণযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই। ফলে প্রকাশিত ম্যাচ সূচি পরিবর্তন করা সমীচীন নয়।”

বিসিবির অবস্থান নিয়ে আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলবে কি না, তা নিশ্চিত করার জন্য গত বুধবার (২১ জানুয়ারি) বিসিবিকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা না পাওয়ায় আইসিসি তাদের গভর্ন্যান্স ও যোগ্যতা নীতিমালা অনুযায়ী বিকল্প দল নির্বাচন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ