• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

পিঠা উৎসবে নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ

সিসি নিউজ ডেস্ক।। ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ দাবি করেন, ছাত্র নামধারী কিছু ব্যক্তি শিক্ষার্থীরূপে এসে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তিনি তাঁদের মূলত মির্জা আব্বাসের ‘লোক’ বলে দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী ওই কলেজে গেলে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিয়ে একদল ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন। সে সময় নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর কর্মীদের সঙ্গে কলেজের ভেতরে একটি ভবনের বারান্দায় অবস্থান নেন। পরে ঘিরে ধরা ব্যক্তিরা তাঁর উদ্দেশে একের পর এক ডিম নিক্ষেপ করেন। এ সময় তাঁর কর্মীরাও ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন। পরে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন।

এর আগে, গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসভা চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ