সিসি নিউজ।। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে ওই কর্মসূচি পালিত হয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি নীলফামারী জেলা শাখা কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির নীলফামারী জেলা শাখার উপদেষ্টা ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথির বক্তৃতা দেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মুনতাকিম, কমিটির সদস্য মাওলানা আন্তাজুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, মুজিবুর রহমান, মামুনুর রশীদ পাটোয়ারী, মো. ছাদের হোসেন প্রমুখ। প্রধান অতিথি সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন,‘তিস্তা নদী কয়েকটি জেলার ওপর দিয়ে প্রবাহিত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে প্রায় ২ কোটি মানুষ উপকৃত হবে। নদী শাসন হবে, নদী সুশৃঙ্খল হবে। রংপুর-বগুড়া অঞ্চলের জনপদ উপকৃত হবে। দেশের স্বার্থে তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে’। উল্লেখ্য, গত শুক্রবার পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে নদীর অববাহিকা ও তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ডালিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ভিআইপি রেস্ট হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুল হাবীব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদসহ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তারা।