সিসি নিউজ: বেনামাজিদের নামাজ পড়তে উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী হালখাতা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। মঙ্গলবার বাদ মাগরিব সদর উপজেলার চাঁদের হাট কৃষি কলেজ জামে মসজিদে এ ব্যতিক্রমী হালখাতার আয়োজন করা হয়।
পাওনা টাকা আদায়ে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতার আয়োজন করার কথা সবার জানা থাকলেও মসজিদে হালখাতার আয়োজন করা অনেকের অজানা। আর এ কাজটি নিজ উদ্যোগে করেছেন নীলফামারী চাঁদের হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম ও ওই মসজিদের খতিব জেলার শ্রেষ্ঠ ইমাম গোলাম মোস্তফা। তারা মসজিদের আশপাশের এলাকাঘুরে প্রথমে বেনামাজিদের তালিকা তৈরী করেন। পরে মঙ্গলবার বাদ মাগরিব তাদের হালখাতা খাওয়ার দাওয়াত দেয়া হয় মসজিদে। মসজিদে আবার হালখাতা এটা কেমন ব্যাপার এই কৌতহলে প্রায় শতাধিক বেনামাজিরা ছুঁটে আসেন মসজিদে। যথারীতি ওজু করে মসজিদে ঢুকে সবাই জামাতের সহিদ আদায় করেন মাগরিবের নামাজ। নামাজ বাদে শুরু হয় খতিব গোলাম মোস্তফার বয়ান । তাদেরকে মসজিদে ডাকার উদ্দেশ্য ও নামাজ পড়া, না পড়ার সুফল এবং কুফল নিয়ে চলে এশার নামাজ পর্যন্ত বয়ান। বয়ান শেষে আবার জামাতের সহিদ সবাই মিলে আদায় করেন এশার নামাজ। নামাজ শেষে উপস্থিত সবাইকে মাংস ভাত খাইয়ে বিদায় করা হয়। আয়োজক চাঁদের হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান ওই এলাকায় পাঁচ ওয়াক্ত নামাজির সংখ্যা বাড়াতে এই উদ্যোগ। হালখাতায় এসে অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করায় তার এই উদ্যোগ অনেকখানি সফল হয়েছে বলে জানান তিনি।