সিসি নিউজ।। দীর্ঘ সময় ও অনিয়মিত লোডশেডিংয়ের কারনে জেলার সৈয়দপুর উপজেলার গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এ কারনে বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার শঙ্কা করেছে নেসকো। তাই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং পুলিশ টহলের ব্যবস্থা করতে থানায় লিখিত আবেদন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
থানায় দেওয়া লিখিত আবেদনে বলা হয়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে বরাদ্দ অনুযায়ী বিভিন্ন এলাকায় লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে গরমের সময়ে গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে এবং পাশাপাশি জনমনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার প্রয়োজন। সেজন্য নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি সৈয়দপুর জোনাল অফিসের আওতাধীন সৈয়দপুর বিসিক শিল্প নগরীর পাশে নিয়ামতপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে সার্বক্ষণিক পুলিশ টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা আবেদনের বিষয়টি নিশ্চিত করে জানান, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি’র সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম লিখিত এ আবেদন করেন। তিনি বলেন, ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সাদা পোশাকে বিদ্যুৎ অফিসের স্থাপনাগুলোতে পুলিশ সদস্য মোতায়েন আছে এবং পাশাপাশি আমাদের টহল অভিযান অব্যাহত আছে।