• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |

সৈয়দপুরে ছিনতাইয়ের শিকার সেই রেজোয়ানের পাশে ইউএনও

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্য দিবালোকে যাত্রীবেশে দুই ছিনতাইকারী বালক রেজোয়ান হোসেনের (১৪) ব্যাটারি চালিত ভ্যান ছিনিয়ে নেয়। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে বালক রেজোয়ান হাউমাউ করে কেঁদে কেঁদে ভ্যান উদ্ধারে উপস্থিত সকলের কাছে সহযোগিতা চান। আর এই দৃশ্যটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নজরে আসে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার। তিনি রেজোয়ানকে নতুন একটি ব্যাটারি চালিত ভ্যান কিনে দেওয়ার পাশাপাশি তাঁর পড়াশুনা খরচ ও পরিবারে জন্য এককালীণ আর্থিক প্রদানের ঘোষণা দেন।
রেজোয়ান নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দূরাকুটি গ্রামের উত্তর পাড়ার আব্দুস সোবহানের পুত্র। অভাব অনটনের সংসারে ভ্যান চালক অসুস্থ্য বাবার পাশাপাশি নিজেও ভ্যান চালায় বালক রেজোয়ান। প্রতিবেশী মাহবুবার রহমান জানান, রেজোয়ান ২/৩ বছর থেকে পরিবারের জীবিকার হাল ধরতে ভ্যান চালানো শুরু করে। প্রতিদিন ভ্যান চালিয়ে যে আয় করত, তা দিয়েই চলত তার পরিবার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রংপুরের তারাগঞ্জ বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরে একটি বাসা থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা বলে রেজোয়ানের ভ্যান ভাড়া করেন। পরে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের চেকপোস্ট নামক স্থানে পৌছালে যাত্রীবেশী ওই দুই ব্যক্তি রেজোয়ানকে ভ্যান থামিয়ে সড়কের অপর পাশে একটি দোকান থেকে পান আনতে পাঠান। রেজোয়ান পান নিয়ে ফিরে এসে দেখেন, ভ্যানটি সেখানে নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও ভ্যানটির সন্ধান পাননি রেজোয়ান। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
শিশুটির কান্নার দৃশ্য ও ভ্যান ছিনতাইয়ের খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সৈয়দপুর উপজেলা প্রশাসনের নজরে আসে। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা রেজোয়ানের সঙ্গে যোগাযোগ করে তার সার্বিক খোঁজখবর নেন। শিশুটির পরিবারের আর্থিক দুরবস্থার কথা শুনে তিনি তাকে নতুন ভ্যান কিনে দেওয়ার আশ্বাস দেন।
ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, রেজোয়ান যাতে আবার স্বাবলম্বী হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নতুন ভ্যান উপহার দেওয়া হবে। ইতিমধ্যে ভ্যানটি তৈরি প্রায় সম্পন্ন। আশাকরছি আগামী সোমবার ব্যাটারী চালিত ভ্যানটি তার হাতে তুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন, রেজোয়ানের পড়াশুনার পাশাপাশি তার পরিবারের অন্যান্য সমস্যার সমাধানেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ছিনতাইয়ের ঘটনার খবর পাওয়ার পর থেকেই জড়িতদের শনাক্ত করে আটকের জন্য পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ