কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চু হত্যা মামলায় ১২জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড রায় প্রদান করেছেন খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বুধবার সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. আখতার হোসেন আসামিদের উপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ইব্রাহিম (৪৮), হাবিল (৩২) শামীম (৩০), ইসলাম (৩০), জিয়ার (৩৫), ডাবলু (৪০), সাহেব (৫০), জাহাঙ্গীর ওরফে বাবু (৩৮), রাজ্জাক, আরিফ খান মিঠু, মানিক এবং মুকুল হোসেন। আসামিদের মধ্যে ইব্রাহিমকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং বাকি ১১ আসামিদেরকে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, ২০০৯ সালের ২৫ জুলাই বিকেলে কয়া ইউনিয়নের চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চু কুমারখালী থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় মনোহরপুর গ্রামের হাতির শাকো কালু মোড় সংলগ্ন এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহত চেয়ারম্যানের ভাই বর্তমান চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন বাদী হয়ে কুমারখালী থানায় ২৬ জুলাই হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় থানার তদন্তকারী অফিসার এস আই নাসির উদ্দিন ৩৫জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
পরবর্তীতে মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ২০১৩ সালের ১৬ জুলাই কুষ্টিয়ার আদালত থেকে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি প্রেরণ করা হয়।
৪৪জন স্বাক্ষীর মধ্যে ২৩জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই দণ্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট এনামুল হক।