সিসি নিউজ:চট্টগ্রামের ফটিকছড়িতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার টেকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরা হলেন, পারভিন আক্তার, ছেনোয়ারা ও সেলিনা। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী মনসুর জানান, দুবাই ফেরত এক যাত্রীকে নিয়ে চট্টগ্রাম বিমান বন্দর থেকে মাইক্রোবাসটি আমিনবাজারে যাচ্ছিল। মাইক্রোবাসে ওই যাত্রীর আত্মীয় স্বজনসহ প্রায় ১৪ জন যাত্রী ছিলেন।
মাইক্রোবাসটি যখন টেকবাজার এলাকায় আসে তখন বিকট শব্দে এ বিস্ফোরণ ঘটে। ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।