ঢাকা: এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাল্টা হুমকি দিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেছেন, ‘উনি চামড়া কী করে বাঁচান তা দেখে নেব।’রবিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ এ কথা বললেন। শনিবার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্মান ও চামড়া বাঁচাতে চাইলে অবিলম্বে সংসদ থেকে পদত্যাগ করতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তাজুল ইসলাম তারই সমালোচনা করে সংসদে বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, আমরা নাকি চামড়া বাঁচাতে পারব না। ওনার (খালেদা জিয়া) চামড়া কী করে বাঁচান দেখে নেব। একটি পার্টির চেয়ারম্যান কীভাবে সংসদের বিরোধীদলীয় নেতাকে এসব কথা বলেন? আমরা নাকি সরকারের গৃহপালিত, অনুগত। আমি খালেদা জিয়ার হিংসা-বিদ্বেষ-কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানাই।’বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, পাঁচ বছরের জন্য তাঁরা নির্বাচিত হয়েছেন, এক দিন আগেও পদত্যাগ করবেন না।তাজুল ইসলাম বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেয়নি। কেউ তাদের বারণ করেননি। তারা তো এই সরকারের অধীনে সিটি, পৌর ও উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে। জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে এখন অহেতুক বিতর্কের জন্ম দিয়েছেন।কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘আমরা কি ১৯ দলে যোগ দিয়েছি? তাদের সঙ্গে কি আমরা কোনো গোপন চুক্তি করেছিলাম? নির্বাচন বানচাল করার জন্য বোমাবাজি আমরা ফেস করেছি। তার পরও নির্বাচন হয়েছে। আপনার কথায় আমরা পদত্যাগ করব না।’দুজন সাংসদই জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে তারেক রহমান ও খালেদা জিয়ার বক্তব্যেরও সমালোচনা করেন।