দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণকে কেন্দ্র করে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু’র সাথে ঠিকাদার নূরুল ইসলামের হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানে ঠিকাদারী পেয়ে ঠিকাদার ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাবেক জেলা কমান্ডার মোকাদ্দেস হোসেন বাবলুর হাতে ১১ লাখ টাকা অনুদান দেন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দ্বিতল ভবন নির্মানের জন্য। কিন্তু ওই টাকা মুক্তিযোদ্ধা সংসদে জমা হয়নি এবং দ্বিতল ভবনও নির্মান হয়নি। এই নিয়ে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে সাবেক ডেপুটি কমান্ডার সিদ্দিক গজনবীর সাথেও কমান্ডার বাবলুর সংঘর্ষের ঘটনা ঘটে।
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে ঠিকাদার নুরুল ইসলাম প্রকাশ্যেই বলেন যে, তিনি ১১ লাখ টাকা মুক্তিযোদ্ধা সংসদের জন্য সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলুর হাতে দিয়েছিলেন, কিন্তু সেই টাকা জমা হয়নি। তার এই বক্তব্যের পর গত বুধবার বাবলু ও নুরুল ইসলাম ঠিকাদার একই সময়ে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। এই সময় ২৬ মার্চের বক্তব্য নিয়ে ২ জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতিহাতি হয়।
এ বিষয়ে ঠিকাদার নুরল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু তাকে লাঞ্চিত করেছে। তবে সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু মারামারির ঘটনা অস্বীকার করে বলেন, তাদের মধ্যে সামান্য তর্ক-বিতর্ক হয়েছে মাত্র।