বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবীতে রংপুরের বদরগঞ্জে বিএনপি ও অঙ্গদলের নেতা কর্মীরা অর্ধবেলা হরতাল পালন করেন। আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অর্ধবেলা হরতাল পালিত হয়েছে। এসময় বিএনপি ও অঙ্গদলের সকল নেতা কর্মীরা পৌরশহরের প্রতিটি পয়েন্টে পিকিটিং করে। হরতাল চলাকালীন পৌরশহরের সকল দোকান পাট, ব্যাংক বীমাসহ সকল প্রতিষ্ঠান বন্ধ ছিল। লোকজন ও গাড়িঘোড়ার চলাচল ছিল সীমিত। পরে হরতাল শেষে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে মিলিত হয়। এসময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক পরিতোষ চক্রবর্তী ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাহান। বক্তব্যে নেতাকর্মীরা কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে উত্তর জনপদের নেতা হাবিব উন-নবী খান সোহেল এর মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাকে নি:শর্ত মুক্তির দাবী জানান।