খেলাধুলা ডেস্ক: বিরেন্দ্র শেবাগের ঝড়ো ব্যাটিং ও সেঞ্চুরির জবাব দিচ্ছিলেন সুরেশ রায়নাই। ৫৮ বলে ১২২ রান করতে শেবাগ ৮টি ছক্কা ও ১২টি বাউন্ডারি হাঁকিয়ে গোটা ওয়াংখেড় মাতিয়ে তুলেছিলেন। শেবাগের ওই ব্যাটিংয়ে পাঞ্জাবের ২২৬ হয়েছে তো কী। সুরেশ রায়নাও যেন থোরাই পাত্তা দিচ্ছিলেন। সূচনায় দুই উইকেট হারিয়ে যেন কিছুটা ক্ষোভেই ফেটে পড়ছিলেন তিনি! ব্যাটেই মিলছিল তার প্রমাণ। ২৫ বলে ৮৭ রানের অনুরূপ এক ঝড় তোলা ব্যাটিং দেখে মনে হচ্ছিল কিংস ইলেভেন পাঞ্জাবের ভাগ্যটা বোধ হয় সহায় হবে না এবারো। কিন্তু জর্জ বেইলির এক দুর্দান্ত রান আউটে সব হিসাব পাল্টে গেল চেন্নাই সুপার কিংসের। ৬ ছক্কা ও ১২ বাউন্ডারির রায়নার ইনিংসটি থেমে গেলে সেখানেই। এরপর মহেন্দ্র সিং ধোনি ছিলেন। কিন্তু এত বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে আর হলো না। শেষ ওভারে প্রয়োজন ছিল ৪০ রানের। ৬ বলে কি এত রান নেয়া যায়? ইনিংস শেষ ২০২/৭ রানে। ফলে হেরেই গেল তারা অগুনঝরা ম্যাচে ২৪ রানে। আইপিএলের ফাইনালে উঠল সেই কিংস ইলেভেন পাঞ্জাব। কেকেআরের সাথে আবারো তাদের মোকাবেলা হবে। আর এবারেরটা হবে শিরোপা লড়াইয়ের।