ঢাকা: ভৌগোলিক সীমা ছাড়িয়ে ইরাকে চলমান অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে। সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় তেলের দাম ইতোমধ্যেই বেড়েছে, যা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ।
যুক্তরাজ্যভিত্তিক ব্রেন্ট সূচকে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৩ শতাংশ বেড়ে ১১৩ ডলার ছাড়িয়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রুড সূচকে ২ শতাংশ বেড়ে ১০৬ ডলার ছুঁয়েছে।
এদিকে ইরাকের সুন্নি বিদ্রোহী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভেন্টের (আইএসআইএল) যোদ্ধারা শিয়া নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে। বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় মসুল শহর দখলের পর পাশ্ববর্তী বেইজি তেল শোধনাগারও বন্ধ করে দিয়েছে বিদ্রোহীরা।
প্রসঙ্গত, ইরাক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। সূত্র: বিবিসি