আন্তর্জাতিক ডেস্ক: নিখোঁজ হওয়া মালয়েশিয়ার এমএইচ৩৭০ ফ্লাইটের যাত্রীদের প্রতি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার মার্কিন ডলার দেওয়া হচ্ছে।
নিখোঁজ হওয়া মালয়েশিয়ার ছয়জন যাত্রীর পরিবার এবং চীনের একজন যাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে এ প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স।
দেশটির একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও বিবিসি অনলাইন।
মালয়েশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন জানিয়েছেন, নিখোঁজ বিমানের প্রসঙ্গটি সম্পূর্ণ নিষ্পত্তির পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুরো ক্ষতিপূরণ দেওয়া হবে।
উল্লেখ্য, প্রতি যাত্রীর পরিবার ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার দাবি করতে পারবে এবং মালয়েশিয়া এয়ারলাইন্স তা দিতে বাধ্য থাকবে। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান হামজা জয়নুদ্দিন।
ক্ষতিপূরণ দাবি করা চীনের আরো ৪০টি পরিবারের কাগজপত্র খতিয়ে দেখছে চীনা সরকার। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে আল জাজিরা অনলাইনে এ তথ্য জানানো হয়েছে। ওই পরিবারগুলো বৈধ দাবিদার বলে প্রমাণিত হলে তাদেরকেও সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে।
গত ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় মালয়েশিয়ার বোয়িং ৭৭৭ বিমানটি। চার মাস এক সপ্তাহ পার হলেও বিমানটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্বের ২৬টি দেশ বিমানটির সন্ধানে নেমেও শেষ পর্যন্ত সবাই হতাশ হয়েছেন। ভারত মহাসাগর তন্নতন্ন করে খুঁজে ফিরলেও একজন যাত্রীকেও উদ্ধার করা যায়নি আজ পর্যন্ত।